সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৬, ৩১ জানুয়ারি ২০২৬

স্বৈরাচারের দোসর ‘গুপ্ত’ চক্র এখনও সক্রিয়- সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

স্বৈরাচারের দোসর ‘গুপ্ত’ চক্র এখনও সক্রিয়- সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

গত ১৬ বছর ধরে যারা আড়ালে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিল, সেই ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা একটি গোষ্ঠী এখন ভিন্ন বেশে সামনে এসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, অনেকেই সামনে এসে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইবে। যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের প্রকৃত পরিচয় একটাই- তারা ‘গুপ্ত’। কারণ গত ১৬ বছরে তাদের রাজপথে দেখা যায়নি। তারা আড়ালে থেকে ৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তির সঙ্গে মিশে ছিল। এই চক্র যেন আত্মত্যাগকারী ভাই-বোনদের অধিকার স্তব্ধ করে দিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বক্তব্যের শুরুতে তিনি ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম-খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কথা স্মরণ করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়েছিল, আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করা হয়েছে। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই সবচেয়ে বড় দায়িত্ব।

জনসভায় তিনি বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। এছাড়া সিরাজগঞ্জ ও পাবনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, করব কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ।

বিকেল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আগত লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সর্বশেষ

জনপ্রিয়