সোমবার , ১৩ জুলাই ২০২৬

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লার পক্ষে নারীদের ঐক্যবদ্ধ কণ্ঠ, বগুড়া-৬ আলোচনায়

দাঁড়িপাল্লার পক্ষে নারীদের ঐক্যবদ্ধ কণ্ঠ, বগুড়া-৬ আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বগুড়া শহরে এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়া শহর মহিলা জামায়াতের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই নির্বাচনী মিছিল শুরু হয়। সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়ক থেকে যাত্রা শুরু করে মিছিলটি আকতারা, নারুলী, বউবাজার, কইপাড়া ও বরিয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দ্বিতীয় বাইপাস সড়কে এসে শেষ হয়। পুরো পথজুড়ে নারী কর্মী-সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ।

মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের পক্ষেই জনমত গড়ে উঠছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল-আমিন, শহর মহিলা জামায়াতের সেক্রেটারি ফজিলাতুন্নেছা হাসি, সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, ৫নং জোন সেক্রেটারি দিলরুবা খানম ইতি, সহকারী সেক্রেটারি নার্গিস আক্তার, ১৯নং ওয়ার্ড সেক্রেটারি সুরাইয়া পারভীন, ২০নং ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী এবং ২১নং ওয়ার্ড সেক্রেটারি মনিরা বেগম।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ভোটাররা আর কোনো মিথ্যা প্ররোচনায় বিভ্রান্ত হবেন না। তারা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। বক্তৃতায় দাবি করা হয়, বিগত সরকারের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের পর যখন একটি দল চাঁদাবাজি ও সহিংসতায় জড়িয়ে পড়ে, তখন জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত ছিল।

জামায়াত নেতৃবৃন্দের দাবি, এসব কারণেই এবারের নির্বাচনে বগুড়াসহ সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। বগুড়া সদরবাসী নীরবে হলেও তাদের এমপি হিসেবে জামায়াত প্রার্থীকেই নির্বাচিত করতে প্রস্তুত এমন প্রত্যাশার কথাও উঠে আসে সমাবেশে। নারীদের এই বড় উপস্থিতি ও সংগঠিত কর্মসূচিকে বগুড়া সদরের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সর্বশেষ

জনপ্রিয়