সোমবার , ১৩ জুলাই ২০২৬

প্রকাশিত: ২১:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ-৪: জামায়াতকে ‘মুনাফেকের দল’ আখ্যায়িত করে ভোটের আহ্বান ফজলুর রহমানের

কিশোরগঞ্জ-৪: জামায়াতকে ‘মুনাফেকের দল’ আখ্যায়িত করে ভোটের আহ্বান ফজলুর রহমানের

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতকে ‘মুনাফেকের দল’ বলে উল্লেখ করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় তিনি বলেন, “জামায়াত মহাপাপি। তারা সকালে একরকম, দুপুরে একরকম আর রাতে আরেকরকম কথা বলে। তাই এই মুনাফেকের দলকে ভোট দিবেন না।”

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, “পার্লামেন্টে যদি সত্য কথা শুনতে চান, জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দিন।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি।”

ফজলুর রহমান বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার লোভে নয়; বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই নির্বাচনে অংশ নিয়েছি।” নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সমর্থকরা।

সর্বশেষ

জনপ্রিয়