চবিতে গণভোট নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথভাবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গণভোট সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম সভাপতিত্ব করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার, যিনি গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ করা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও অংশগ্রহণমূলক ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।
চবি উপাচার্য বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনে গণভোটের ভূমিকা অপরিসীম। শিক্ষক ও শিক্ষার্থীরা সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরুন।”
সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনও শুভেচ্ছা বক্তব্য দেন। তারা মাঠ পর্যায়ে গণভোট সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভার সমাপনী বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।





































