সোমবার , ১৩ জুলাই ২০২৬

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী মাঠে এ্যাব, বগুড়ায় জমলো ধানের শীষের প্রচার

নির্বাচনী মাঠে এ্যাব, বগুড়ায় জমলো ধানের শীষের প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক প্রচার ও গণসংযোগ কর্মসূচি পালন করে এ্যাব বগুড়া জেলা শাখা।

শহরের ১১নং ওয়ার্ডের মালতীনগর বকসীবাজার এলাকা থেকে শুরু হয়ে প্রচারণা কার্যক্রমটি আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ে। এসময় ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। পেশাজীবী সমাজের প্রতিনিধিদের এমন সরাসরি মাঠপর্যায়ের কর্মসূচিতে এলাকায় ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।

প্রচারণাকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। বক্তারা বলেন, জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসনের জন্য অপেক্ষা করছে। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষই হতে পারে পরিবর্তনের প্রতীক।

পথসভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তর) এবং এ্যাবের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা ও সমন্বয়কারী কমিটি, বগুড়া-৬ এর আহ্বায়ক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়। তিনি বলেন, “ইঞ্জিনিয়ার সমাজ কেবল উন্নয়ন নয়, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষেও অবস্থান নেয়। সে কারণেই আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাবের আহ্বায়ক কমিটির প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, প্রকৌশলী শফিকুল ইসলাম খান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী তানবীর-উল হাসান আল, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী গোলাম কাদের, প্রকৌশলী মাসুদ রানা, প্রকৌশলী সালেহ আহম্মেদ রিজন, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী ফাহিম শাহারিয়ার ও প্রকৌশলী সুমন।

বক্তারা বলেন, দেশের অবকাঠামো, শিল্পায়ন ও টেকসই উন্নয়নের জন্য গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য। সেই পরিবেশ ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় জরুরি।

ইঞ্জিনিয়ারদের এই সক্রিয় প্রচারণাকে বগুড়া সদরের নির্বাচনী রাজনীতিতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। পেশাজীবী সমাজের সরাসরি মাঠে নামা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলেও মনে করছেন তারা।
 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: