ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ কোস্ট গার্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকা দৌললতখান উপজেলায় প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান, রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা জেলার দৌলতখান থানার "সরকারি আবু আব্দুল্লাহ কলেজ" আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন, কোস্ট গার্ড কন্টিনজেন্ট জোনাল কমান্ডার দক্ষিণ জোন (সি).এএফডব্লিউসি, পিএসসি, বিএন- ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড সদস্যগণ দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে সর্বমোট ১১৫ টি ভোটকেন্দ্র বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।





































