সীমিত হামলা বা কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হবে না ইরান: ডেপুটি স্পিকার
ইরান সীমিত সামরিক হামলা কিংবা কয়েকজন কমান্ডারের মৃত্যুতে পরাস্ত হওয়ার মতো দেশ নয় বলে মন্তব্য করেছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান বিকল্প প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। শনিবার (৩১ জানুয়ারি) এসব কথা জানান তিনি।
হামিদরেজা হাজিবাবাই বলেন, ইরানের সংসদ, সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে শক্তিশালী ঐক্য রয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জোর দিয়ে বলেন, সমালোচনা ও মতপার্থক্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে আলোচনা করা হয়, যাতে শত্রুপক্ষ সেগুলোকে কাজে লাগাতে না পারে।
সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, ইরানের প্রধান অর্থনৈতিক সমস্যা সম্পদের ঘাটতি নয়; বরং ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণের দুর্বলতাই মূল সংকট। তিনি জানান, আগামী বছরের বাজেট পরিকল্পনায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, করমুক্ত আয়সীমা বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো যায়।
বিশ্ব ধীরে ধীরে একটি বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের মূল লড়াই এখন সংবাদমাধ্যম ও অনলাইন পরিসরে। এ কারণে কর্মকর্তাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি, যা জনমনে ভয়, হতাশা বা বিভাজন সৃষ্টি করতে পারে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল





































