সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এ কথা বলেছেন
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, সংবাদমাধ্যমে যুদ্ধের যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তার বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ চলছে। তবে আলোচনার রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সামরিক সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও রয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।





































