পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক
বিশ্ব মানবসভ্যতা এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে— এমন সতর্কবার্তা দিয়েছে বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সংগঠন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস। সংগঠনটি জানিয়েছে— রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ পরমাণু শক্তিধর দেশগুলোর আগ্রাসী ও জাতীয়তাবাদী অবস্থানের কারণে পৃথিবী ধ্বংসের আরও কাছাকাছি পৌঁছে গেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ঘড়িটি ছিল মধ্যরাতের ৮৯ সেকেন্ড আগে। এক বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটায় এবার সেটি আরও চার সেকেন্ড এগিয়ে আনা হয়েছে। ফলে ডুমসডে ক্লক এগিয়ে মধ্যরাতের মাত্র ৮৫ সেকেন্ড আগে স্থির করা হয়েছে।
মঙ্গলবার বার্ষিক ঘোষণায় সংগঠনটি জানায়, এটি ডুমসডে ক্লকের ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থান। এর আগে শুক্রবার প্রাথমিকভাবে ঘড়ির অবস্থান উপস্থাপন করা হয় এবং মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
বিজ্ঞানীদের মতে, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, জলবায়ু সংকট, জৈবপ্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সব মিলিয়ে মানবসভ্যতার অস্তিত্বের জন্য গুরুতর হুমকি তৈরি হয়েছে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রতিবছর মানবজাতি কতটা ধ্বংসের কাছাকাছি রয়েছে, তা প্রতীকীভাবে নির্ধারণ করে ডুমসডে ক্লক।সংগঠনটি বলেছে, বিশ্বব্যাপী দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পারস্পরিক আস্থা ও সহযোগিতার কাঠামো দ্রুত ভেঙে পড়ছে। এর ফলে ‘জয়ী সবকিছু নেবে’ ধরনের বড় শক্তিগুলোর প্রতিযোগিতা তীব্র হচ্ছে, যা বৈশ্বিক ঝুঁকি কমাতে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতাকে দুর্বল করে দিচ্ছে।
বিশেষ করে পরমাণু অস্ত্রধারী দেশগুলোর জড়িত সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গত গ্রীষ্মের হামলার পর ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন।
বুলেটিনের বিজ্ঞান ও নিরাপত্তা বোর্ডের চেয়ারম্যান ড্যানিয়েল হোলজ বলেন, বিশ্বে পারস্পরিক আস্থা ও সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তার ভাষায়, যদি বিশ্ব ‘আমরা বনাম তারা’ ও শূন্য-ফলাফলের পথে এগোয়, তাহলে শেষ পর্যন্ত আমরা সবাই হারব।





































