সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:০২, ২৪ জানুয়ারি ২০২৬

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ড. ফরিদা আখতার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিজেদের আচরণ, পেশাদারিত্ব ও চারিত্রিক গুণাবলীর মাধ্যমে অর্জিত ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখেন।

উপদেষ্টা আজ (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (ASAUB)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত বর্জ্য শীতলক্ষ্যা নদী হয়ে মেঘনায় গিয়ে পড়ছে, যা ইলিশসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকির কারণ। গবেষণায় দেখা গেছে, ইলিশ মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক, লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে। নদী দূষণমুক্ত করা একটি জাতীয় দায়িত্ব, যা শুধু সরকারের নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া সম্ভব নয়।

ড. ফরিদা আখতার বলেন, মন্ত্রণালয় কেবল গরু, ছাগল ও হাঁস-মুরগি নয়, কুকুর-বিড়ালসহ সকল প্রাণীর সুরক্ষার দায়িত্বে রয়েছে। সঠিক ভ্যাকসিনেশন না হলে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেট কার্নিভালে মন্ত্রণালয় প্রাণীদের জন্য ভ্যাকসিন ও চিকিৎসা প্রদানে অংশগ্রহণ করেছে।

তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ধূমপান ও তামাক ব্যবহার মারাত্মক ক্ষতি করে। নতুন আইন অনুযায়ী ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ বাধ্যতামূলক।

উপদেষ্টা দেশের সম্পদ ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো গরীব দেশ নয়। আমাদের মানুষের দক্ষতা, সুপেয় পানি, শষ্যের বীজ ও জেনেটিক রিসোর্সই দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের উচিত দুর্নীতি, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সচেষ্ট থাকা।

সমাবর্তন অনুষ্ঠানে প্রায় চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন ২,৯০৬ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ১,৯০০ জন। অনুষ্ঠানে উপদেষ্টা কৃতিত্বপূর্ণ ছয়জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড এবং নয়জনকে ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান করেন।

উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়