সোমবার , ১৩ জুলাই ২০২৬

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২৩ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় জনসমক্ষে বর্জ্য ফেলার দণ্ডে বাংলাদেশি যুবক আদালতে

মালয়েশিয়ায় জনসমক্ষে বর্জ্য ফেলার দণ্ডে  বাংলাদেশি যুবক আদালতে

মালয়েশিয়ায় পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। দেশটির জোহর বাহরু সেশন কোর্টে শুক্রবার (২৩ জানুয়ারি) এক বাংলাদেশি যুবক ও একজন ইন্দোনেশীয় নারীর বিরুদ্ধে জনসমক্ষে বর্জ্য ফেলার অভিযোগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশটিতে এমন আইনি পদক্ষেপের প্রথম ঘটনা।

আদালত সূত্রে জানা যায়, ২৮ বছর বয়সী বাংলাদেশি কারখানা কর্মী মো. সুলতান ১ জানুয়ারি রাত ১টা ২৭ মিনিটে জালান ইব্রাহিম সুলতান এলাকায় রাস্তার ওপর সিগারেটের অবশিষ্টাংশ ফেলে ছিলেন।

মো. সুলতান আদালতের কার্যক্রম সঠিকভাবে বোঝার জন্য একজন দোভাষীর ব্যবস্থা চেয়েছেন। আদালত শুনানি পুনরায় ২৮ জানুয়ারি নির্ধারণ করেছে।

বর্জ্য ব্যবস্থাপনা ও জননিষ্কাশন কর্পোরেশনের প্রধান নির্বাহী খালিদ মোহামেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বর্জ্য ব্যবস্থাপনা ও জননিষ্কাশন আইন ২০০৭-এর ধারা ৭৭এ(১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা এবং সর্বোচ্চ ১২ ঘণ্টার সমাজসেবামূলক কাজ করা হতে পারে।

সরকারি কৌঁসুলি সিটি আদোরা রাহতিমিন বলেন, পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। এটি অন্যদের জন্য দৃষ্টান্তমূলক শিক্ষা হিসেবে কাজ করবে, যাতে কেউ ভবিষ্যতে যত্রতত্র ময়লা না ফেলে।

মালয়েশিয়ায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই ঘটনার পর প্রবাসী কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়