নড়াইলে কলস প্রতীকের মনিরুলের জনসভা জনসমুদ্রে পরিণত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল–২ (লোহাগড়া–সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলামের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লোহাগড়ার লক্ষ্মীপাশার ঐতিহ্যবাহী মোল্যার মাঠে আয়োজিত এ সভায় কলস প্রতীকের পক্ষে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।
সদ্য বহিষ্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলস প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, নড়াইল–লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তৃণমূলের মানুষের প্রত্যাশা পূরণে লোহাগড়াবাসী এবার কলস প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে বলে তাঁর বিশ্বাস। তিনি আরও বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার কলস প্রতীকের বিজয় নিশ্চিত হওয়ার প্রমাণ।
সদ্য বহিষ্কৃত লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার মন্ডল। এ ছাড়া বক্তব্য দেন সদ্য বহিষ্কৃত জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ মো. মুজাহিদুল ইসলাম পলাশ, মো. তেলায়েত হোসেন, কাজী সুলতানুজ্জামান সেলিম, মো. মিলু শরিফ এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন ঘোষ। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মনিরুল ইসলামের নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
দুপুর থেকেই লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার সমর্থক ব্যানার, ফেস্টুন ও কলস প্রতীকের প্রতিকৃতি নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ জনসভাস্থলে আসতে শুরু করেন। বিকেলের মধ্যেই পুরো মোল্যার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। মিছিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।





































