সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

বাহিরের প্ররোচনায় দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা: জিএম কাদের

বাহিরের প্ররোচনায় দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার বাহিরের কোনো শক্তির প্ররোচনায় দেশের ওপর আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাহিরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্য কায়েম করতে চাইছে।

তিনি আরও বলেন, তারা বলছে ‘আজাদি’, আমি বলবো ‘গোলামী’। তারা একটি দেশের গোলামী করার জন্য এসব করছে। তারা বলছে ‘ইনসাফ’, আমি বলবো ‘চরম বেইনসাফ’। দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায় ও অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।”

জিএম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা হিসেবে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।

তিনি উল্লেখ করেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের কারণে আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। এবার সুষ্ঠুভাবে ভোট, গণনা ও ফলাফল হলে আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।

জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশে নারী-পুরুষ একসঙ্গে কাজ করে। আমরা নিজ নিজ ধর্মের অন্তর থেকে চর্চা করি। তাই বলা যায় আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসম্প্রদায়িক দেশের মানুষ।

তিনি নারী অধিকার নিয়ে বলেন, একদল বলছে নারীরা চাকরি করতে পারবে না। তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কীভাবে চলবে? তারা দাবি করছে, নারীরা কাজ করলে সমাজ নষ্ট হবে, খারাপ হবে। ইসলামে এমন কোনো বিধি নেই, তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল?

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়