বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা জানাল বিসিবি
বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে সপ্তাহ খানেক আগে। টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালের আগেই ক্রিকেটার, কোচদের পারিশ্রমিক শতভাগ পরিশোধ করেছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও বেশিরভাগ টাকা ইতোমধ্যে দিয়েছে বলে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মিঠু বলেছেন, ‘প্লেয়ারদের পেমেন্ট নিয়ে এখনও আমাদের কিছু জানায়নি। প্রথম থেকেই আর্থিক একটা অঙ্ক (১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি) নিরাপত্তা হিসেবে জমা আছে। আমরা একটা চিঠি ইস্যু করেছি সব ফ্র্যাঞ্চাইজিকে– তোমরা আমাদের জানাও (প্লেয়ারদের পেমেন্টের) স্ট্যাটাস কী? এটা দিলে আমরা প্লেয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমরা দেশি-বিদেশি প্লেয়ার ও টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে যোগাযোগ করে বিষয়টা খতিয়ে দেখব। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব পেমেন্ট দিতে বলেছি। এর মধ্যে প্লেয়ারদের পাওনা থাকলে গ্যারান্টি থেকে (পরিশোধ করা হবে)।’
‘নোয়াখালী (এক্সপ্রেস) আগে যে হিসাব দিয়েছিল, এরপর নোয়াখালীর সব প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করেছি, অনেক টাকাই দিয়ে দিয়েছে। কাগজে-কলমে দেখাচ্ছে ১ কোটির মত বাকি, আমাদের কাছে পে-অর্ডার আছে ২ কোটি টাকা। বিদেশি প্লেয়ারদের সঙ্গে এখন যোগাযোগ করব। ১৫ দিন সময় দিয়েছি। আগেই যদি শেষ হয়ে যায়, নোয়াখালীর মালিক এবং বাকি প্লেয়ারদের ডাকব। উনাদের সামনেই বাকি টাকাটা ফেরত দেওয়া হবে’, আরও যোগ করেন ইফতেখার রহমান মিঠু।





































