আশরাফুল: সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইলে পরিকল্পনা করা উচিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে এবং তাকে আবারো জাতীয় দলের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করা সাকিব কতদিন খেলবেন, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, বাঁহাতি অলরাউন্ডার যদি আবারও জাতীয় দলের হয়ে খেলেন, তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরও ‘সাকিব কার্ড’ নিয়ে গুঞ্জনের মধ্যে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনো প্রতীকি ইঙ্গিত নয়। আজ (শুক্রবার) ক্রিকবাজকে তিনি নিশ্চিত করেছেন, সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে তাকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ মার্চ। মে মাসের শেষে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। পাকিস্তান সুপার লিগের কারণে দুই ধাপে এই সফর প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সাকিব মার্চে জাতীয় দলে ফিরতে পারেন।
তবে আশরাফুলের মতামত ভিন্ন। সম্প্রতি সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ইউটার্ন নিয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি তারকা জানিয়েছেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলেই তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। নিরাপত্তার কারণে সে সিরিজে খেলতে পারেননি। সম্প্রতি তিন ফরম্যাটেই দেশের সামনে শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব, এবং বিসিবিও এই অনুযায়ী পরিকল্পনা করছে।
আশরাফুল ক্রিকবাজকে বলেন, আমি তার একটি সাক্ষাৎকার দেখেছি, যেখানে সে বলেছিল সব ফরম্যাটে খেলে অবসর নেবে। কিন্তু আমি মনে করি, আজকের ক্রিকেটে যদি একজন খেলোয়াড় একটি ফরম্যাটে মনোযোগ দেয়- যেমন মুশফিকুর এখন শুধু টেস্ট খেলছে- তাহলে সে দীর্ঘ সময় খেলতে পারবে এবং ভালো পারফর্ম করতে পারবে।
আশরাফুল আরও বলেন, প্রতি বছরই একটি না একটি বিশ্বকাপ হচ্ছে। যদি সাকিব ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে চায়, তখন তার বয়স হবে ৩৭-৩৮। আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে ৪০-৪২ বছর বয়সেও খেলা সম্ভব।
সাকিবের ফিটনেসের প্রশংসা করে আশরাফুল যোগ করেন, সে সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে, কোনোদিন বাসায় বসে নেই। যদি সে বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে কেবল ওয়ানডেতে খেলতে চায়, তা দলের জন্যও ভালো হবে।





































