ঢাকা-৬: প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাককে সমর্থন দিলেন গণঅধিকারের ফখরুল
ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করে এই সমর্থন জানান।
ফখরুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইশরাক হোসেনকে সমর্থন করছেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে সংগ্রাম করেছি। সেই ঐক্যের ভিত্তিতে নির্বাচনী মাঠেও গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করবেন।
তিনি আরও ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন।
ফখরুল ইসলাম সব ভোটারকে আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করতে সাহায্য করার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলাম সহ আরও অনেকে।





































