সোমবার , ১৩ জুলাই ২০২৬

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ৩০ জানুয়ারি ২০২৬

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

দীর্ঘ দেড় বছর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর এবার সাকিবকে জাতীয় ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক পরিস্থিতির কারণে এত দিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে আসন্ন পাকিস্তান সিরিজগুলোতে খেলার জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবির লক্ষ্য, আসন্ন মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন ঘটানো।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডেও শুরু থেকেই সাকিবকে ফেরানোর একটি নীরব আগ্রহ ছিল। বিষয়টি নিয়ে পরিচালকদের মধ্যে একাধিকবার অনানুষ্ঠানিক আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় প্রথমবার তা উঠে আসে গত ২৪ জানুয়ারি।

সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, সাকিবকে পুনরায় জাতীয় দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন।

একই সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

সাকিবকে ফেরানোর প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসিফ আকবর বলেন, এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।

সর্বশেষ

জনপ্রিয়