সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
সম্মিলিত ইসলামী ব্যাংকের সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানতকারীরা এখন থেকে মাসিক ভিত্তিতে মুনাফা তুলতে পারবেন। সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। রেমিট্যান্স ও সঞ্চয়পত্রের বিপরীতেও মুনাফা তাৎক্ষণিকভাবে তোলা যাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, কিছু মহল একীভূত কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে সকল আমানতকারীর মূল টাকা সম্পূর্ণ নিরাপদ এবং পর্যায়ক্রমে মুনাফা ফেরত দেওয়া হবে।
বর্তমানে এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার ৯.৫% এবং এক বছরের কম মেয়াদি আমানতে ৯% নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজারদরে মুনাফা প্রদান শুরু হয়েছে।
গভর্নর আরও জানান, সরকার দুই বছরের জন্য ৪% সহায়তা দিয়ে প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় করছে। ব্যাংকগুলোতে এখন প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। তবে বিতরণকৃত ১ লাখ ৯২ হাজার কোটি টাকার ৭৭% ঋণ খেলাপি, যা একীভূত ব্যাংক গঠনের কারণ ছিল।





































