সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৯ জানুয়ারি ২০২৬

নাইকোর বিরুদ্ধে বাংলাদেশ জয়: দিতে হবে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ

নাইকোর বিরুদ্ধে বাংলাদেশ জয়: দিতে হবে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ

দীর্ঘ আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের দায়ে কানাডীয় কোম্পানি নাইকোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID) নাইকোকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫১৬ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বৃহস্পতিবার এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। কিন্তু অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড না মেনে কাজ করার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন বিস্ফোরণ ঘটে, যার ফলে প্রায় ৮ বিলিয়ন ঘনফুট মূল্যবান গ্যাস পুড়ে যায় এবং আশপাশের পরিবেশ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়।

পেট্রোবাংলা ৭৪৬ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকার করে। ট্রাইব্যুনাল তাদের পর্যবেক্ষণে নিশ্চিত করেছে, বিস্ফোরণের জন্য নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম মানদণ্ড না মানা দায়ী।

ICSID রায়ে গ্যাসের ক্ষতি বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য ২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

প্রকৌশলী রেজানুর রহমান বলেন, “আমরা চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছিলাম। ছাতক গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত রাখা হয়েছে। আইনজীবীদের সঙ্গে আলোচনা শেষে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেবে পেট্রোবাংলা।”

সর্বশেষ

জনপ্রিয়