রমজানে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, আসন্ন রমজান মাসে কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ফলে দাম মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) টাস্কফোর্সের সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন যে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। তাই আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, দাম বৃদ্ধি পাবেনা, বরং কিছু পণ্যের দাম কমতেও পারে।
শেখ বশির উদ্দিন আরও বলেন, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের কারণে সরকারের দায়বদ্ধতা বাড়লেও, টাকার অবমূল্যায়ন এবং আইএমএফ থেকে ঋণ নেওয়ার প্রভাব বাজারে অনুভূত হচ্ছে। তবে বাজারে ৫ লাখ টন রাইস ব্র্যান ওয়েল ছাড়ার কারণে ভোজ্যতেলের দামও স্থিতিশীল রয়েছে।
তিনি আশ্বাস দেন, যোগান পরিস্থিতি স্বাভাবিক থাকলে রমজানে নিত্যপণ্যের দাম মানুষের জন্য গ্রহণযোগ্য থাকবে এবং কিছু পণ্যের দাম কমতেও পারে।





































