সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ জানুয়ারি ২০২৬

ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ায় পর্যটন ও সামাজিক ভিসার অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারি হিসাব অনুযায়ী, এ ধরনের অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি।

শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক মালয়েশিয়ার ভিসা আইন লঙ্ঘন করেছেন।

তিনি বলেন, ২০২৫ সালে দেশজুড়ে পরিচালিত অভিযানে ৫১ হাজার ১০০ জন বিদেশির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ফাহমি ফাজিল আরও জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট নির্দেশ দিয়েছেন—যারা পর্যটক কিংবা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করে পরে অবৈধভাবে কাজ করছেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভিসা প্রক্রিয়া সহজ করার সুযোগকে কাজে লাগিয়ে যারা আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের মতে, সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটন ভিসায় দেশে এসে গোপনে বিভিন্ন খাতে চাকরিতে যুক্ত হচ্ছেন, যা মালয়েশিয়ার অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এই প্রবণতা রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: