সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

মিনেসোটায় অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন

মিনেসোটায় অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন

জনঅসন্তোষ ও রাজনৈতিক চাপের মুখে, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসীবিরোধী অভিযান কমানোর ইঙ্গিত দিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান বৃহস্পতিবার মিনিয়াপোলিসে এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফেডারেল এজেন্টদের সংখ্যা ধাপে ধাপে কমানো হবে। একই সঙ্গে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প প্রশাসন দেশে অভিবাসীদের বিরুদ্ধে গণ-নির্বাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করে। এই অভিযানের মূল দায়িত্বে রয়েছে বিতর্কিত সরকারি সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

গত বছরের শুরুতে, ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে মিনেসোটায় আইসিই তল্লাশি ও গ্রেফতারের অভিযান জোরদার করে। মিনিয়াপোলিস ও সেন্ট পলসহ বিভিন্ন শহরে এই অভিযান পরিচালিত হয়। এক বছরের মধ্যে ১০ হাজারেরও বেশি অভিবাসী আটক করা হয়েছে বলে আইসিই জানিয়েছে।

তবে অভিযানের নামে অভিবাসন কর্মকর্তাদের ব্যাপক ধরপাকড় এবং গুলিতে দুই মার্কিন নাগরিকের নিহত হওয়া জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। নিজ দলের রিপাবলিকানদের মধ্যেও সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

এই পরিস্থিতিতে, হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান মিনেসোটায় অভিযানের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, ফেডারেল এজেন্টদের ধাপে ধাপে সংখ্যা কমিয়ে এবং নির্দিষ্ট পরিকল্পিত অভিযান পরিচালনা করা হবে। তিনি স্বীকার করেন, অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল। হোম্যান বলেন, জননিরাপত্তা নির্বাসনের চেয়ে বড় অগ্রাধিকার, এবং দায়িত্বে থাকা কর্মকর্তা ভুল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হোম্যান আরও জানান, তিনি ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ, অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এবং মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন। সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত এজেন্টরা অঙ্গরাজ্যে থাকবেন।

তবে দেশের অন্যান্য অঞ্চলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান থেমে যায়নি। উদাহরণস্বরূপ, মেইনে চলতি মাসের শেষ দিকে মাত্র চার দিনে আইসিই ২০০’র বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে। আইসিই দাবি করছে, গ্রেফতারকৃতরা গুরুতর অপরাধে জড়িত।

এই উত্তেজনার মধ্যেই ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি মন্তব্য করেছেন, রাজ্যের রাস্তায় হাজার হাজার আইসিই এজেন্ট মোতায়েন হওয়ায় স্থানীয় বিভাজন বেড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: