ট্রাম্প বলছেন চুক্তিতে আগ্রহী ইরান, তেহরান বলছে প্রতিরক্ষা নিয়ে আলোচনা নয়
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিয়েছেন। ট্রাম্পের দাবি, সম্ভাব্য সামরিক পদক্ষেপের চেয়ে তেহরান যেকোনো উপায়ে নতুন চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেছেন, আমি এটুকু বলতে পারি, তারা চুক্তি করতে চায়। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি করি, ভালো। না হলে দেখা যাক কী ঘটে।
তবে ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে কার্যত উড়িয়ে দিয়ে ইরান নিজেদের প্রতিরক্ষা অবস্থান আরও কঠোর করেছে। ইরান সাফ জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা বা আপস হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষা নিয়ে আলোচনা কখনো হবে না।
মার্কিন প্রেসিডেন্ট জানান, উপসাগরীয় অঞ্চলে একটি বিশাল নৌবহর অবস্থান করছে, যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় থাকবে। ইরানের সঙ্গে চুক্তি করার কোনো সময়সীমা তারা প্রকাশ করেনি।
উভয় দেশের বিপরীতমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।





































