যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে মৌসুমি শ্রমিকের এইচ-২বি ভিসা, ৬৫ হাজার অনুমোদন অতিরিক্ত
যুক্তরাষ্ট্র সরকার ২০২৬ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক’ ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিসে জানানো হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে আছেন, তাদের সহায়তার জন্য এই অতিরিক্ত ভিসা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রে কিছু কড়াকড়ি আরোপ করেছেন। তবে শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ-২বি ভিসার সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল।
মৌসুমি শিল্প মালিকরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। অন্যদিকে, অভিবাসন সীমিত করার পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, অতিরিক্ত ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানায়, এই অতিরিক্ত ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।





































